ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)। এ উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ খালি পায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।



আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গাফনি, সিএসসি, উপ-উপাচার্য ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রক্টর ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি, এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি।
পরে তারা বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দকে সাথে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ডেপুটি ডিরেক্টর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, উপস্থিত ছিলেন।
উপাচার্য ফাদার প্যাট্রিক বলেন, “বাংলা ভাষার জন্য শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির কাছে মাতৃভাষার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও গভীর দেশপ্রেমের প্রতীক। এ আত্মত্যাগ বিশ্বের প্রতিটি ভাষাভাষীর জন্যই অনুপ্রেরণা।”
শহিদদের স্মরণ করে ফাদার আদম বলেন, “মাতৃভাষা প্রতিটি মানুষের কাছেই অমূল্য। মাতৃভাষার অপরিসীম তাৎপর্য আরও উপলব্ধি হয় যখন আমরা এর পাশাপাশি অন্যান্য ভাষা শিখতে যাই। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বীর শহিদরা ১৯৫২ সালে জীবন উৎসর্গ করেছেন। তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি মাতৃভাষা চর্চার প্রতি আমাদের যত্নশীল হতে হবে।”
এছাড়া এতে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. মোস্তাকিমুর রহমান এবং এলএলবি ২৩ (এ) ব্যাচের শিক্ষার্থী ক্রিস্টিন হেমব্রম। এসময় তারা বাংলা ভাষা রক্ষা এবং ভাষার বহুত্ববাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেন।







