Tuesday, October 20, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদসাভারে কারিতাস বাংলাদেশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

সাভারে কারিতাস বাংলাদেশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। ২৪ সেপ্টেম্বর ঢাকার সাভারের কামালাপুরে বারাকা (BARACA) প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৫০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের সভাপতি বিশপ জেমস রমেন বৈরাগী। কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বারাকার পরিচালক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি ধরেণ্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার অমল ক্রুজ, হলি ক্রস ব্রাদারদের প্রভিন্সিয়াল ব্রাদার জেমস রিপন গমেজ, সিএসসি, কারিতাস বাংলাদেশের বিভিন্ন পরিচালক, সেন্ট যোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, ধরেণ্ডা-এর শিক্ষক এবং প্রায় ২০০ শিক্ষার্থীসহ অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বারাকা ক্যাম্পাসে ১০০টি চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি তাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশপ জেমস রমেন বৈরাগী বলেন, “গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না; গাছ আমাদের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি চারা রোপণ করা মানে শুধু আজকের জন্য একটি গাছ লাগানো নয়-এটি আগামী দিনের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি তৈরি করা।”

কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও যত্নশীলতার শিক্ষা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বারাকার পরিচালক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি বলেন, “আজ যে শিক্ষার্থীরা একটি করে চারা হাতে নিয়েছে, তারা যদি গাছগুলোকে নিজের পরিবারের একজন সদস্যের মতো যত্ন করে বড় করে তোলে, তাহলে এই ছোট উদ্যোগ একদিন একটি বড় সবুজ আন্দোলনে পরিণত হতে পারে। আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ লাগানো এবং সেটি পরিচর্যার দায়িত্ব নেওয়া প্রয়োজন।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, শুধু কর্মসূচির দিন নয়, সারা বছর পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে।

কর্মসূচিতে বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোপিত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কারিতাস বাংলাদেশের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গড়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular