হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টার, ভাদুনে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৫:৩০ মিনিটে সেন্টারটির ২৫ বছরের রজত জয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি। এছাড়াও হলি ক্রস যাজক সংঘের
প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি, ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টারের পরিচালক ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ, সিএসসি, সেন্টারের প্রথম পরিচালক ফাদার বনিফাস টলেন্টিনু, সিএসসি, এনডিইউবি-এর ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনছালভেস, সিএসসি, জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু, সিএসসি সহ অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ফাদার ইউজিন আঞ্জুস, সিএসসি’র পরিচালনায় ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি সকলকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য সহভাগিতা করেন। তিনি বলেন, এই রজত জয়ন্তী শুধু একটি প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি নয়; এটি প্রার্থনা, পালকীয় যত্ন, শিক্ষা ও ধ্যানচর্চার এক দীর্ঘ আশীর্বাদময় যাত্রা ও কৃতজ্ঞতার স্মরণোৎসব। বিগত ২৫ বছর নিরন্তর সহযোগিতা, সকলের প্রার্থনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সেন্টারের আধ্যাত্মিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এরপর শোভাযাত্রা ও কীর্তনসহযোগে গির্জায় প্রবেশ করা হয়। অত:পর ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদের মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি। তিনি তাঁর সহভাগিতায় বলেন, আজ আমরা এক বিশেষ আনন্দঘন ও কৃতজ্ঞতার মুহূর্তে একত্রিত হয়েছি। হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টারের ২৫ বছর পূর্তি, এ শুধু সময়ের পরিমাপ নয়; এটি অনুগ্রহের ইতিহাস, আত্মিক জাগরণের পথচলা এবং অসংখ্য মানুষের হৃদয়ে ঈশ্বরের স্পর্শের জীবন্ত সাক্ষ্য। গত পঁচিশ বছরে এই সেন্টার বহু মানুষকে নীরবতার মাঝে ঈশ্বরকে খুঁজে পাওয়ার সুযোগ করে দিয়েছে। এখানে প্রার্থনার নিস্তব্ধতা, ধ্যানের গভীরতা এবং আধ্যাত্মিক নির্দেশনার মাধ্যমে বহু হৃদয় নবজীবন লাভ করেছে। ক্লান্ত মানুষ এখানে এসে শান্তি পেয়েছে; আর অনিশ্চয়তার অন্ধকারে অনেকেই খুঁজে পেয়েছে আশার আলো। হলি ক্রস যাজক সংঘের মূল চেতনা: শিক্ষা, পালকীয় সেবা ও আত্মিক বিকাশ এই সেন্টারের প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল যাজক, ব্রাদার, সিস্টার এবং সহকর্মীদের, যাঁরা আত্মনিবেদন ও ভালোবাসার মাধ্যমে
এই সেবাকে জীবন্ত রেখেছেন। বিশেষভাবে স্মরণ করি প্রতিষ্ঠাকালীন সময়ের সাহসী উদ্যোগ এবং ধারাবাহিক নেতৃত্ব, যা আজকের এই সমৃদ্ধ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। এই রজত জয়ন্তী আমাদের জন্য কেবল উদযাপন নয়, বরং নতুন অঙ্গীকারের আহ্বান। আমরা যেন আগামী দিনগুলোতে আরও গভীর আধ্যাত্মিকতা, আরও মানবিক সেবা এবং আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে খ্রিষ্টের প্রেম ও করুণার বার্তা ছড়িয়ে দিতে পারি।
আমি প্রার্থনা করি, সর্বশক্তিমান ঈশ্বর এই সেন্টারকে আরও আশীর্বাদে পরিপূর্ণ করুন। যেন এটি আগামী প্রজন্মের জন্যও হয়ে ওঠে আশা, প্রার্থনা ও নবজাগরণের এক উজ্জ্বল আলোকবর্তিকা।
খ্রিষ্টযাগ শেষে ফাদার রুবেন ম্যানুয়েল গমেজ-এর পরিচালনায় সেন্টারের প্রথম পরিচালক ফাদার বনিফাস টলেন্টিনু, সিএসসি, ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। সেন্টারের বর্তমান পরিচালক ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি বলেন, পঁচিশ বছর আগে যে বীজ রোপিত হয়েছিল, আজ তা এক সুদৃঢ় বৃক্ষে পরিণত হয়েছে। এই সেন্টার শুধু একটি ভবন বা প্রতিষ্ঠান নয়; এটি এক আধ্যাত্মিক গৃহ; যেখানে মানুষ নীরবতায় ঈশ্বরের কণ্ঠ শোনে, প্রার্থনায় শক্তি পায় এবং ধ্যানচর্চায় অন্তরের গভীরতা আবিষ্কার করে।
গত ২৫ বছরে এই সেন্টার যে সকল সেবা ও সুবিধা প্রদান করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে এই সেন্টারের বৈশিষ্ট্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রশান্ত ও সবুজ প্রাকৃতিক পরিবেশ, আধুনিক আবাসন সুবিধা, আন্তরিক ও সহায়ক সার্ভিস টিম, নিরাপত্তা ও পার্কিং সুবিধা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, প্রার্থনার জন্য চ্যাপেল, এসি/নন-এসি মাল্টিমিডিয়া হল রুম, স্বাস্থ্যসম্মত ডাইনিং ও খাবারের ব্যবস্থা।
বর্তমানে যেকোন খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান, সংস্থা বা সংঘ তাদের ধর্মীয়, আধ্যাত্মিক ও গঠনমূলক ট্রেনিং, প্রোগ্রাম, ওয়ার্কশপ, রিট্রিট, ক্যাম্প ইত্যাদি আয়োজনের জন্য স্বল্প খরচে ব্যবহারের সুযোগ পাচ্ছে।
সেন্টারটি বহু মানুষের জীবনে আত্মিক নবজাগরণ ঘটিয়েছে। আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক, ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে। বিশেষ রিট্রিট, সেমিনার, যুব সমাবেশ, যুব দিবস এবং অন্যান্য অনুষ্ঠান এই জুবিলি বছরের অংশ হবে। আমরা চাই, এই বছরটি হোক “কৃতজ্ঞতা, নবজাগরণ ও নতুন প্রতিশ্রুতির বছর”। এছাড়াও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী বছর ৬ ফেব্রুয়ারি ২০২৭ খ্রিষ্টাব্দে রজত জয়ন্তীর সমাপনী উপলক্ষে এক বৃহৎ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই দিন আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদন করব, অতীতের আশীর্বাদ স্মরণ করব এবং ভবিষ্যতের জন্য নতুন দিকনির্দেশনা গ্রহণ করব।
উল্লেখ্য, হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টার হলি ক্রস ফাদারদের দ্বারা পরিচালিত একটি আধুনিক ধ্যানাশ্রম কেন্দ্র। ২৫ বছর ধরে বিশ্বাসের বিকাশে, আত্মার পুনর্জাগরণে, মানবিক সেবায় ও পাস্টোরাল নেতৃত্ব গঠনে এই সেন্টার হয়ে উঠেছে আশ্রয়, প্রশান্তি ও প্রেরণার এক বিশ্বস্ত ঠিকানা। এটি ঢাকা থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত। সুন্দর সবুজে ঘেরা ও মনোরম পরিবেশ সেন্টারটিতে আধুনিক মানের সকল সুযোগ-সুবিধা রয়েছে।







