Friday, April 17, 2026
spot_img
Homeক্যাম্পাস ও সংগঠনবর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ করল নটর ডেম বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ করল নটর ডেম বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্প্রিং সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস। শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্যের এই সময়ে সাহিত্য কিছুটা আড়ালে চলে গেলেও মানুষের জীবনে এর প্রয়োজন কখনোই কমে যায় না। সাহিত্য মানুষকে সাহস ও স্পষ্টতা দেয়, চরিত্র গঠনে ভূমিকা রাখে এবং কল্পনাশক্তিকে জাগ্রত করে।

তিনি বলেন, ভালোবাসা, সহমর্মিতা ও মানুষের অধিকারবোধ সাহিত্যের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারে কল্পনাশক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও লেখার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সৃজনশীলতা ও নৈতিকতাভিত্তিক শিক্ষাজীবনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে, জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও এনডিইউবি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি। তিনি নবীন শিক্ষার্থীদের এনডিইউবি পরিবারে স্বাগত জানান।

তিনি বলেন, স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের নতুন যাত্রা শুরু হয়েছে। এখানে ধৈর্য ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা জরুরি। শিক্ষার্থীদের গভীর চিন্তাশক্তি, শৃঙ্খলাবোধ এবং সততা ও মানবিকতার মতো মূল্যবোধে গড়ে তুলতে এনডিইউবি কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। এসময় তিনি বলেন, প্রকৃত শিক্ষা হলো মুখস্থবিদ্যা থেকে সৃজনশীলতায় পৌঁছানোর প্রক্রিয়া। আর সে লক্ষ্যেই এনডিইউবি শিক্ষার্থীদের জ্ঞান ও প্রজ্ঞায় গড়ে তুলবে।

এরপর পাবলিক রিলেশনস অফিসের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, দর্শন ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি, হলি ক্রস সংঘের শিক্ষা-দর্শন ও এনডিইউবির মূল্যবোধভিত্তিক শিক্ষার ভূমিকা তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, এনডিইউবির প্রশাসনিক সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি, বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি ডেপুটি প্রক্টর ফাদার বিনয় সেবাস্তিয়ান গোমেজ, সিএসসি, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি তুলে ধরেন।

নবীনদের আনন্দকে আরো রঙিন করে তোলে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের শেষে ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম সকলকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular