বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের (Department of Architecture) প্রধান হিসেবে অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গমেজ নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গমেজ দেশের একজন বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ ও গবেষক। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র হলো আবাসন ও বসতি, দুর্যোগ-সহনশীল আবাসন, গৃহস্থলি স্থাপত্য, স্পেস সিনট্যাক্স বিশ্লেষণ, স্থাপত্যের ইতিহাস এবং গির্জার স্থাপত্য (Church Architecture)।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কমনওয়েলথ স্প্লিট-সাইট স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (University College London – UCL)-এর দ্য বার্টলেট স্কুল অব আর্কিটেকচারে (The Bartlett School of Architecture) ভিজিটিং রিসার্চার (Graduate Affiliate) হিসেবে তাঁর ডক্টরাল গবেষণার একটি অংশ সম্পন্ন করেন। এছাড়া তিনি বুয়েট থেকেই ব্যাচেলর অব আর্কিটেকচার এবং মাস্টার অব আর্কিটেকচার ডিগ্রি অর্জন করেন। অসাধারণ শিক্ষাগত কৃতিত্বের জন্য তিনি শামসুন নাহার খানম স্বর্ণপদক এবং আহসানুর রহমান স্বর্ণপদক লাভ করেন।
তিনি অসংখ্য স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধান করেছেন এবং দুর্যোগ-সহনশীল আবাসন নিয়ে বহির্বিশ্বের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন।
তিনি Disaster-Resilient Modular CORE Shelters of the Ethnic Communities in the Chittagong Hill Tracts Area শীর্ষক গ্রন্থের রচয়িতা, যা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE), কারিতাস বাংলাদেশ এবং ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেছেন। বর্তমানে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অ্যাকাডেমিক কাউন্সিল মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অ্যাকাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি অধ্যাপক গমেজ বাংলাদেশ জাতীয় জাদুঘর, কারিতাস বাংলাদেশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আবাসন, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্যোগ-সহনশীল উন্নয়নবিষয়ক জাতীয় পরামর্শক ও কারিগরি কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বুয়েটের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য নকশা ও পরামর্শক প্রকল্পের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পেশাগত উৎকর্ষ এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছেন।
অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গমেজকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বুয়েটের স্থাপত্য বিভাগ শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।







