প্রযুক্তি, সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষকে সামনে রেখে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬”। তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমীরা।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি এবং রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি।
বক্তব্য প্রদানকালে তারা ভবিষ্যৎ কম্পিউটিং পেশাজীবীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দায়িত্বশীল উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশরা ব্যক্ত করেন তারা।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেইনটেন্যান্স ডিরেক্টর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, ডিন ড. অলক কুমার চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ. এইচ. এম. সাইফুল ইসলাম।
আয়োজকদের তথ্যমতে, শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হবে স্টেম অলিম্পিয়াড। শনিবার (১৬ মে) ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। একইদিনে অনুষ্ঠিত হবে “বিয়ন্ড কোড: এথিক্স, লজিক অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং” শীর্ষক একটি সেমিনার।
শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।







