Friday, April 17, 2026
spot_img
Homeক্যাম্পাস ও সংগঠনবাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের “নারীর ভুবন” গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আন্তর্জাতিক...

বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের “নারীর ভুবন” গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন

বাংলাদেশি খ্রিস্টান লেখক ও লেখিকাদের জাতীয় সংগঠন বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের উদ্যোগে বিগত ৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার সদ্য প্রকাশিত খ্রিস্টান নারী কবিদের কবিতা সংকলন “নারীর ভুবন” গ্রন্থের মোড়ক উন্মোচন এবং যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

৮ মার্চ সন্ধ্যা ৭টায় চলমান রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার ‘গ্রন্থ উন্মোচন কেন্দ্রে’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বইটির লেখিকাগণ, ফোরামের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, অতিথি এবং শুভানুধ্যায়ীসহ প্রায় বিশ জন অংশগ্রহণ করে। বইটিতে ২১ জন খ্রিস্টান নারী কবির লেখা নানা বিষয় এবং ভাবনাভিত্তিক ৪১ টি কবিতা স্থান পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক রক রোনাল্ড রোজারিও।

কবি পিংকী দাস তার অনুভূতি প্রকাশ করে বলেন, “নারীর জীবন, জগৎ এবং ভাবনা কলমের অক্ষরে প্রকাশের প্রচেষ্টা ‘নারীর ভুবন’ কাব্যগ্রন্থটি। আশা করি সকলে এই বইয়ের মাধ্যমে আপনারা সাহিত্যের রস আস্বাদন করবেন এবং সাহিত্যের আলোয় আলোকিত হবেন।” কবি জেসিকা লরেটো ডি রোজারিও বলেন, “আমাদের নারীদের জীবনে আসলে প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধ করতে হয়। আজকের এই দিনে আমি এই বইটি উৎসর্গ করছি বাংলাদেশ এবং বিশে^র সকল নারীকে যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিনিয়ত নিষ্ঠার সাথে যুদ্ধ করে নিজেদের দায়িত্ব পালন করছেন।” কবি সুষমা বির্জিনিয়া ডি সিলভা বলেন বইটিতে তার দুটি কবিতা প্রকাশিত হয়েছে এবং এটাই প্রথম বই যেখানে তার কবিতা প্রকাশিত হয়েছে। তিনি বলেন, “মায়েরা পৃথিবীর বন্ধন, নারী পৃথিবীর বন্ধন। মায়েরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কতটুকু মূল্যায়িত হয়েছেন জানি না। আমার কবিতায় আমার মাকে উপলব্ধি করে কিছুটা আমার মায়ের কথা এবং নারী যে শুধু সৌন্দর্য্যরে মধ্যে সীমাবদ্ধ না, নারী পৃথিবীকে বেঁধে রাখে, প্রস্ফুটিত করে সেটা তুলে ধরার চেষ্টা করেছি।” ফোরামের সভাপতি অমল মিল্টন রোজারিও গ্রন্থটির সকল কবি এবং প্রকাশনা কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা আহবান করেছিলাম আমাদের সম্প্রদায়ের যারা নারী কবিদেরকে যেন তাদের কবিতা নিয়ে একটি বই প্রকাশ করতে পারি। সেই প্রচেষ্টা সফল হয়েছে এবং আজ আমরা আপনাদের হাতে সেই বইটি তুলে দিতে পেরেছি। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে এবং এর মাধ্যমে আরো অনেকে লিখতে উৎসাহিত হবে।”

এরপর বইমেলা লিটল ম্যাগাজিন চত্ত্বরে ফোরামের সাহিত্য পত্রিকা “আর্শি” স্টলে (স্টল নং ৮৩) সংক্ষিপ্ত পরিসরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ সময় ফোরামের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জ্যাষ্টিন গোমেজ উপস্থিত নারী কবি এবং নারী অতিথি সকলকে গোলাপ ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানান। নারী কবিগণ নারী দিবস উপলক্ষ্যে তাদের অনুভূতি ও চিন্তা সহভাগিতা করেন এবং অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সহ-সভাপতি পিউস ছেড়াও বইটিতে লেখার জন্য সকল কবি এবং সম্পাদক পরিষদকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফটোসেশন এবং জলযোগের মাধ্যমে সেদিনের কর্মসূচীর সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular