Monday, October 19, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপের অস্ত্রোপচার

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপের অস্ত্রোপচার

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তবে তার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। পরে পরীক্ষায় ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের এক ধরনের ক্যানসার শনাক্ত হয়েছে। খবর আল জাজিরার।

 

ভ্যাটিকানের এক চিকিৎসা বুলেটিনে জানানো হয়েছে, ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচারে প্রায় ৯০ মিনিট সময় লাগে। এতে কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরে পান। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে আবার কক্ষে নেওয়া হয়।

ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রথমবারের মতো পোপের ফুসফুসে পিণ্ডটি ধরা পড়ে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় ক্যানসার আক্রান্ত অংশটির পাশাপাশি ডান ফুসফুসের সম্পূর্ণ নিচের খণ্ডটি অপসারণ করেন, যাতে আক্রান্ত অংশটি পুরোপুরি বাদ দেওয়া যায়। সুস্থ হয়ে উঠতে তার হাসপাতালে প্রায় এক সপ্তাহ থাকতে হতে পারে।

পোপের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সেখানে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পোপের প্রতি শুভকামনা জানান। গাড়ির পেছনের জানালা নামিয়ে পোপ তাঁদের দিকে হাত নাড়েন এবং হাসিমুখে অভিবাদনের জবাব দেন।

হাসপাতালের সিঁড়িতে পৌঁছালে কর্মীরা তাকে স্বাগত জানান। তাদের একজন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি দুঃখিত।’ জবাবে পোপ হাসেন এবং কাঁধ ঝাঁকান। তখন তাকে আশ্বস্ত করে বলা হয়, ‘আমরা আপনার পাশে আছি।’

বার্তা সংস্থা এএফপিকে ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে রোববার সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলুস প্রার্থনা ও আশীর্বাদ দেওয়ার পর বারান্দা থেকে নিজের অস্ত্রোপচারের কথা জানান পোপ। তিনি বলেন, ফুসফুসের পিণ্ডটি একটি নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং খুব প্রাথমিক পর্যায়েই এটি শনাক্ত করা গেছে। তবে চিকিৎসকেরা সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দিয়েছেন।

জেমেলি হাসপাতালের বক্ষব্যাধি অস্ত্রোপচার বিভাগের চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করেন। সুস্থ হয়ে ওঠার জন্য আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভ্যাটিকান জানায়, ফুসফুসে পিণ্ড তৈরি হওয়া অস্বাভাবিক নয় এবং এ ধরনের সব পিণ্ড ক্যানসারও হয় না। তবে পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা রয়েছে। অস্ত্রোপচারের আগের পরীক্ষাতেও এ ধরনের ক্যানসারের আশঙ্কা করা হয়েছিল। সাধারণভাবে সুস্থ বলে বিবেচিত পোপের শরীরে সংক্রমণ বা অসুস্থতার কোনো লক্ষণ ছিল না।

টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও ইসাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সোমবার পোপের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় পোপ শারীরিকভাবে কোনো সমস্যা অনুভব করছেন না বলে জানিয়েছিলেন।

কিকুচি বলেন, নভেম্বরের শুরুতে পোপের লাতিন আমেরিকা সফরের কথা রয়েছে। এ কারণে তিনি যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সফরের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। এ সফরের বিশেষ গুরুত্ব রয়েছে পেরু সফরকে ঘিরে। দেশটিতে বহু বছর ধর্মপ্রচারক হিসেবে কাজ করেছেন পোপ এবং পরে সেখানকার বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এত আশ্বাসের পরও পোপের অসুস্থতার খবরে বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেন, ‘আমি কি উদ্বিগ্ন? হ্যাঁ। কারণ, এমন কিছু ঘটবে বলে আমি মোটেও আশা করিনি।’

এরই মধ্যে জেমেলি হাসপাতালের বাইরে কয়েকজন ক্যাথলিককে অপেক্ষা করতে দেখা যায়। হাসপাতালটি অতীতেও একাধিক পোপের চিকিৎসা দিয়েছে। এর বাইরে পোপ দ্বিতীয় জন পলের একটি বড় ভাস্কর্য রয়েছে।

কারলা নামের এক নারী বিশেষভাবে পোপের কাছাকাছি থাকতে সেখানে এসেছিলেন। বিবিসিকে তিনি বলেন, ‘তাকে শান্ত মনে হচ্ছে, তাই আমরাও শান্ত আছি। যদিও অসুস্থতা সব সময়ই কষ্টদায়ক। আমরা এখানে অপেক্ষা করব এবং প্রার্থনা করব।’

এলসা নামের আরেক নারী বলেন, পোপ অসুস্থতার খবর জানানোর সময় তিনি সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত ছিলেন। ‘আমি খুবই মর্মাহত হয়েছিলাম। খবরটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে,’ বলেন তিনি।

পোপ নির্বাচিত হওয়ার সময় তাকে তুলনামূলক তরুণ ও সুস্থ মনে হয়েছিল জানিয়ে এলসা বলেন, ‘শেষ পর্যন্ত দেখা গেল, তিনিও অন্য সবার মতোই অসুস্থতার ঝুঁকির বাইরে নন।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular