পোপ চতুর্দশ লিও বুধবারের সাধারণ সাক্ষাৎ-এ আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের সিলিসিয়ার ‘সি’-এর কাথলিকোস তাঁর পবিত্রতা আরাম প্রথম (His Holiness Aram I)-কে পুনরায় শুভেচ্ছা জানান এবং মধ্যপ্রাচ্য ও লেবাননে শান্তির জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানান।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত সাধারণ সাক্ষাতে কাথলিকোস আরাম প্রথম পোপ লিও’র সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। এর মাত্র দুই দিন আগে, গত ১৮ মে সোমবার, ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদে দুই চার্চ নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও যৌথ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিল।
সাধারণ সাক্ষাতের শুরুতে পোপ লিও বলেন, কাথলিকোস আরাম প্রথম ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এই ভ্রাতৃসুলভ সফরকে “আমাদের মধ্যে বিদ্যমান ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের চার্চগুলোর পূর্ণ ঐক্যের পথে আমরা আরও এগিয়ে যাচ্ছি।”
পোপ প্রার্থনা করেন যেন পবিত্র আত্মা আর্মেনিয়ান কাথলিকোসের প্রেরিত পিতর ও পৌলের সমাধিস্থল পরিদর্শনের এই তীর্থযাত্রাকে আশীর্বাদ করেন। তিনি উপস্থিত সকলকে আন্তরিকভাবে প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, “এই সফর ও বৈঠকগুলো যেন আমাদের পূর্ণ ঐক্যের পথে আরও এক ধাপ অগ্রসর করে।”
এ সময় পোপ লিও বিশেষভাবে লেবানন ও সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য শান্তির প্রার্থনা করার আহ্বান জানান। তিনি বলেন, “এই অঞ্চলগুলো আবারও সহিংসতা ও যুদ্ধের কারণে ক্ষতবিক্ষত হয়ে উঠেছে।”
সিলিসিয়ার কাথলিকোসেটের অধীনে রয়েছে লেবানন, সিরিয়া, সাইপ্রাস, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, উপসাগরীয় অঞ্চল, ইরান, গ্রিস এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল। ১৯৩০ খ্রিষ্টাব্দ থেকে ‘কাথলিকোসেট অব দ্য গ্রেট হাউস অব সিলিসিয়া’-এর সদর দপ্তর লেবাননের আন্তেলিয়াসে অবস্থিত।
গত সোমবারের সাক্ষাতে পোপ লিও কাথলিকোস আরাম প্রথমকে আশ্বস্ত করেন যে, তিনি প্রতিদিন লেবাননের জনগণ এবং মধ্যপ্রাচ্যের চার্চগুলোর জন্য প্রার্থনা করেন ও তাদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সাধারণ সাক্ষাতে পোপ লিও কাথলিকোস আরাম প্রথমের “ঐক্য আন্দোলনের প্রতি ব্যক্তিগত অঙ্গীকার”-এরও প্রশংসা করেন। বিশেষ করে কাথলিক চার্চ ও ওরিয়েন্টাল অর্থডক্স চার্চগুলোর মধ্যে চলমান ধর্মতাত্ত্বিক সংলাপে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন।
শেষে পোপ বলেন, “আসুন আমরা একসঙ্গে সাধু গ্রেগরি দ্য ইলুমিনেটর, সাধু গ্রেগরি অব নারেগ, সাধু নেরসেস দ্য গ্রেসিয়াস এবং সর্বোপরি পবিত্র কুমারী মারীয়ার মধ্যস্থতা প্রার্থনা করি, যেন তারা আমাদের সেই পূর্ণ ঐক্যের পথে আলোকিত করেন, যা আমরা সকলে কামনা করি।”







