লেনার্ড সুমন রোজারিও: বাংলাদেশ ক্যাথলিক টিচার্স টিম কর্তৃক আয়োজিত ২০তম জাতীয় সম্মোলন-২০২৪ আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টার, ভাদুন, গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনদিন ব্যাপি এ জাতীয় সম্মোলন ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৪ এর প্রথম দিন রেজিস্ট্রেশন দিয়ে শুরু হলেও অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ৯:০০ ঘটিকায়। “Commitment to the ‘Least’, Listening to the Cry of the Poor” অর্থাৎ “দীনহীনদের কান্না শ্রবণের অঙ্গীকার” শীর্ষক মূলসূরের উপর ভিত্তি করে আয়োজিত এ জাতীয় সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে প্রায় ১৩৫ জন শিক্ষক-শিক্ষিকা আগামীকাল হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টার, ভাদুন, গাজীপুরে সমবেত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে দিনাজপুর অঞ্চল থেকে ১৫ জন, রাজশাহী অঞ্চল থেকে ০৬ জন, আঠারগ্রাম অঞ্চল থেকে ১৭ জন, সাভার অঞ্চল থেকে ৭ জন, বরিশাল অঞ্চল থেকে ১০ জন, চট্টগ্রাম অঞ্চল থেকে ০৫ জন, ঢাকা উত্তর থেকে ২৯ জন, ঢাকা দক্ষিণ অঞ্চল থেকে ৫ জন এবং স্থানীয় ভাওয়াল অঞ্চল থেকে ১৫ জন শিক্ষক/শিক্ষিকা/ব্রাদার/সিস্টার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ক্যাথলিক টিচার্স টিম ওর্য়াকিং বডি কর্তৃক আয়োজিত এ জাতীয় সেমিনারে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাথলিক শিক্ষকগণ অত্যন্ত আশা ও আগ্রহের সাথে অংশগ্রহণ করেন। এই জাতীয় মিলনমেলা শিক্ষকদের একে অপরের সাথে তাদের চিন্তা-ভাবনা, দৃষ্টি-ভঙ্গি এবং ধারণা বিনিময় করার সুযোগ তৈরি করে যাতে ক্যাথলিক শিক্ষকগণ আমাদের প্রভু যীশু খ্রিষ্টের শিক্ষা অনুসারে একজন আদর্শ শিক্ষক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এই সেমিনার একজন শিক্ষকের জন্য প্রাণশক্তির মতো কাজ করে যিনি তার ছাত্র, প্রতিষ্ঠান, পরিবার, সমাজ, দেশ এবং সর্বোপরি সমগ্র বিশ্বের জন্য নিজের সেরাটা দেওয়ার মন্ত্রে দীক্ষিত হতে পারেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশে কাথলিক টিচার্স টিমের আন্দোলনটি যথেষ্ট গতিশীল ও বেগবান।







