পৃথিবী থেকে বিদায় নিলেন সফল সমবায়ী ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট গাব্রিয়েল রোজারিও। ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ আনুমানিক বিকাল ৩টায় বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন।
এই ক্ষণজন্মা সফল সমবায়ীর মৃত্যুতে খ্রিষ্টান সমাজে শোকের ছায়া নেমে এসেছে। খ্রিষ্টান নেতৃবর্গ বিভিন্ন মাধ্যমে বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা এবং সেই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গাব্রিয়েল রোজারিও ২০০৫ থেকে ২০০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার, মাউসাইদ ধর্মপল্লীর রাজাবাড়ী গ্রামের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিশিষ্ট সমবায়ী এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট, হাউজিং সোসাইটির প্রাক্তন ট্রেজারার ও ঢাকা ওয়াইএমসিএর প্রাক্তন প্রেসিডেন্ট মি. গাব্রিয়েল রোজারিওর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, বুধবার বিকাল ৪:০০ টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় অনুষ্ঠিত হবে। খ্রিষ্টযাগের পর হলি রোজারী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
একই দিন সকালে টঙ্গীর রাজাবাড়ি গির্জায় তাঁর মরদেহ নেওয়া হবে। এসময় এলাকার মানুষ তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ পাবে।







